বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানে অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বান্দরবান সদর জোনের আওতাধীন বেতছড়া আর্মি ক্যাম্পের একটি টহলদল। জব্দকৃত কাঠের পরিমাণ ২৪৯ দশমিক ৫১ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৩ হাজার ২৮৫ টাকা।
রোববার (১৬ আগস্ট) বান্দরবান সদর উপজেলার বেতছড়া এলাকায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনার সময় এসব কাঠ শনাক্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেতছড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহলদল বান্দরবান-বেতছড়া সড়ক থেকে কদমপ্রু পাড়ায় যাওয়ার ইটের সলিং রাস্তার ওপর বিপুল পরিমাণ সেগুন কাঠ দেখতে পায়। কাঠগুলো সেখানে অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে বন বিভাগকে জানানো হলে বেতছড়া রেঞ্জ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বেতছড়া আর্মি ক্যাম্পের টহলদলের উপস্থিতিতে জব্দকৃত কাঠের পরিমাপ ও বৈধতা যাচাই করা হয়।
পরিমাপ শেষে মোট ৩১৫ টুকরা সেগুন কাঠ পাওয়া যায়, যার পরিমাণ দাঁড়ায় ২৪৯ দশমিক ৫১ ঘনফুট (CFT)। কাঠের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাঠগুলো অবৈধ হিসেবে জব্দ করেন।
জব্দকৃত সেগুন কাঠের আনুমানিক বাজারমূল্য ৮,৭৩,২৮৫ টাকা। প্রাথমিকভাবে কাঠের মালিক হিসেবে বান্দরবান সদর এলাকার মো. শাকিল খান-এর নাম জানা গেছে।
পরে জব্দ করা মোট ৩১৫ টুকরা সেগুন কাঠ যথাযথ প্রক্রিয়ায় বেতছড়া রেঞ্জ অফিসারের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, প্রচলিত আইন ও বিধি অনুযায়ী জব্দকৃত কাঠের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পরিবহন প্রতিরোধে বান্দরবান সদর জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নজরদারি পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বেতছড়া আর্মি ক্যাম্পের টহলদলের তৎপরতায় পরিবহনের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ শনাক্ত ও জব্দ করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বান্দরবানের বনজ সম্পদ রক্ষায় অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সেনাবাহিনী ও বন বিভাগের সমন্বিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

















