বিজয় ত্রিপুরা- বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের রুমা উপজাতি আবাসিক উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর ধূমপানের অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, আবাসিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের তদারকি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে ধূমপান করতে দেখা গেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, আবাসিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তদারকি ও নৈতিক শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং, অভিভাবকদের সঙ্গে সমন্বয় এবং আবাসিক এলাকায় নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয় সচেতন মহল বলছে, কিশোর-কিশোরীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহার এবং ধূমপানের প্রবণতা রোধে পরিবার, বিদ্যালয় ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আচরণ ও চলাফেরার বিষয়ে দায়িত্বশীল নজরদারি প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।















