বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং পাহাড়ে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় সরকার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান শহরের রিস্বংস্বং রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
লিখিত বক্তব্যে কাজী মোঃ মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের ধর্ম-বর্ণ নির্বিশেষে সাংবিধানিক অধিকার রক্ষা, সাংবিধানিক স্বীকৃতি, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠনের মাধ্যমে পাহাড়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। এসব কমিটি নিরলসভাবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
কাজী মোঃ মজিবর রহমান আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে এ ধরনের উদ্যোগ অতীতে কোনো সরকার গ্রহণ করেনি বলে তারা মনে করেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি এখানকার সব মানুষের অধিকার নিশ্চিত করতে হলে পারস্পরিক আস্থা ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করতে হবে। আমরা আশা করি, গঠিত কমিটিগুলো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের পথ তৈরি করবে।”
তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সুস্থতা ও সাফল্য কামনা করে বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রত্যাশা পূরণে তাঁরা সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন—এটাই পার্বত্যবাসীর প্রত্যাশা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে কাজী মোঃ মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল, বান্দরবান জেলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন থেকে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি সব সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে গঠিত কমিটিগুলোকে কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।















