বিজয় ত্রিপুরা,বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান জেলার পর্যটন শিল্পের উন্নয়ন, সম্ভাবনা ও বিদ্যমান সমস্যা নিয়ে পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু জেরি এমপি। সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।
এ সময় বান্দরবান সেনা জোন ও বান্দরবান জেলা বিজিবির প্রতিনিধিসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বান্দরবান রিসোর্ট সমিতির সভাপতি, হোটেল মালিক সমিতির সভাপতি এবং জেলার সাতটি উপজেলার পর্যটন গাইড সমিতির সভাপতিসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বান্দরবানের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, পর্যটনকেন্দ্রগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পর্যটনসংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পর্যটন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পর্যটন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। সভায় উপস্থিত হোটেল-মোটেল মালিক, ট্যুর অপারেটর, পরিবহন ব্যবসায়ী ও স্থানীয় প্রতিনিধিরা তাদের মাঠপর্যায়ের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অংশীজনেরা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পর্যটকদের আসা-যাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার জোর দাবি জানান।
সভায় স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পর্যটন খাতের এসব সংকট নিরসনে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সামঞ্জস্য বজায় রেখে পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের ওপর বিশেষ জোর দেওয়া হয়।















