বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শুরু হচ্ছে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। এ আয়োজনকে ঘিরে বান্দরবানের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
আগামী (২৩ সেপ্টেম্বর) বুধবার সকাল ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। টুর্নামেন্টে নারী ও পুরুষ—দুই বিভাগে মোট ১২টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে নারী বিভাগে ৬টি দল এবং পুরুষ বিভাগে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলার মাধ্যমে পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ ও ইতিবাচক বিনোদনের পরিবেশ তৈরি করাও টুর্নামেন্টের লক্ষ্য।
বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি প্রতিযোগিতামূলক ফুটবলের মাধ্যমে দর্শকদের বিনোদন দেবেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও টুর্নামেন্টটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
টুর্নামেন্টের বিভিন্ন পর্ব শেষে আগামী ৪ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা। ফাইনালকে ঘিরে জেলা স্টেডিয়ামে বড় ধরনের ক্রীড়া আয়োজন ও দর্শক সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।
‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ আয়োজন করছে বান্দরবান সেনা রিজিয়ন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বান্দরবান সেনা জোন। পাশাপাশি সার্বিক সহযোগিতায় রয়েছে বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট শুধু একটি ফুটবল প্রতিযোগিতা হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং খেলাধুলার মাধ্যমে বান্দরবানের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।















