নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।
অনুষ্ঠানে জাবেদ রেজা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে কঠিন সময় পার করছে। ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল হারিয়ে অনেক পরিবারই আর্থিক সংকটে পড়েছে। এই দুর্দিনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে তাদের পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য লুসাই মং, জসিম উদ্দীন, চনু মং মার্মা, মা সেতু তংসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আগুনে পুড়ে যায় ১৩টি দোকান
এর আগে গত ১৬ সেপ্টেম্বর ভোররাতে থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হিসাবে, দোকানের কাঠামো, পণ্য ও অন্যান্য মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বাজারের দায়িত্বে থাকা চৌকিদার প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই ১৩টি দোকান ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়ার কথা জানানো হয়েছে।















