মো.তুহিন হোসাইন,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের পাহাড়ি জনপদে সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে বান্দরবান সদর জোনের তত্ত্বাবধানে বান্দরবান জেলা প্রশাসন, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জোনের উপ-অধিনায়ক মেজর সায়েম আহমেদ, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন রিজিয়ন সদর দপ্তরের জিএসও-২ মেজর পারভেজ রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, রিজিয়ন সদর দপ্তরের জিএসও-৩ ক্যাপ্টেন সামিউল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, ক্রীড়া সংগঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী দিনের বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে রোয়াংছড়ি উপজেলা বনাম রুমা উপজেলা পুরুষ দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উভয় দলই গোলের দেখা না পাওয়ায় খেলাটি ০-০ গোলে ড্র হয়।
আয়োজকরা জানান, “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর অন্যতম লক্ষ্য হলো খেলাধুলাকে কেন্দ্র করে বান্দরবানের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা। পাশাপাশি জেলার তরুণদের মধ্য থেকে উদীয়মান ফুটবল প্রতিভা অন্বেষণ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাইয়ের সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
টুর্নামেন্টের মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে তাদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বান্দরবানের মানুষের পাশে থেকে নিরাপত্তা, মানবিক সহায়তা, জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি, পারস্পরিক যোগাযোগ ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
ফুটবলকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়, তরুণ ও ক্রীড়াপ্রেমীদের একত্রিত করার মধ্য দিয়ে পুরো আয়োজনটি বান্দরবানে সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা আয়োজকদের।















