মো.তুহিন হোসাইন, বান্দরবান প্রতিনিধি।
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেঘলা পর্যটন কেন্দ্রে গিয়ে একই স্থানে শেষ হয়। এতে জেলা পরিষদ, জেলা প্রশাসন, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, ট্যুরিস্ট পুলিশ, হোটেল মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে বান্দরবান জেলা পরিষদের সভাকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস মাম্যাচিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. দিদারুল আলম, ট্যুরিস্ট পুলিশের সদস্যরা, হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বান্দরবানের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে হলে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বর্তমানে পর্যটন ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। পর্যটনকেন্দ্রের তথ্য, যোগাযোগ, প্রচার-প্রচারণা, পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, বান্দরবানের রয়েছে পাহাড়, ঝরনা, নদী, বন ও বৈচিত্র্যময় সংস্কৃতির অপার সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত ও টেকসই পর্যটন বিকাশের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক পর্যটন ব্যবস্থার মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকদের কাছে বান্দরবানের পর্যটন স্পটগুলোকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা সম্ভব। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বান্দরবানের পর্যটন খাতের সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।















