মো.তুহিন হোসাইন,স্টাফ রিপোর্টার
সারাদেশে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান সদর উপজেলা শ্রমিক দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে শুরু করে শুয়ালক মাঝেরপাড়া বাজারে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বান্দরবান সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আখতারুজ্জামান বাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলার শ্রমিক দলের সভাপতি আবদুল শুক্কুর,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. আজম, সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সদর উপজেলা বিএনপির নেতা মো. জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উসাচিং মার্মা এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী মো. হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, দেশের মানুষ নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তারা।















