মো.তুহিন হোসাইন,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ‘বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬’-এর আওতায় ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও ১৯ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায়, সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। ফ্রিজ ও এসি মেরামতের মতো ব্যবহারিক ও চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে যুবকরা নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারবেন। পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ পাহাড়ি অঞ্চলের তরুণদের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সহজ করবে।
বক্তারা আরও বলেন, শুধু চাকরির ওপর নির্ভরশীল না হয়ে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যেই ‘বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬’-এর আওতায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মো.তুহিন হোসাইন
বান্দরবান জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬
মোবাইল-০১৮৩৫০০০০৪১















