মো.তুহিন হোসাইন,বান্দরবান প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন বান্দরবান জেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করা, সমবায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত জেলা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন বান্দরবান জেলা শাখার আয়োজনে বান্দরবান শহরের চাউল বাজার এলাকায় অবস্থিত বান্দরবান কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন বান্দরবান জেলা কমিটির সভাপতি মো. নেজাম উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন জেলা কমিটির সদস্য সচিব সাইদুল আলম।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা সম্ভব। এ কারণে সমবায় সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করার পাশাপাশি সমবায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের উদ্দেশ্য ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বান্দরবানে সমবায় আন্দোলনকে আরও জোরদার করতে জেলা কমিটি সম্মিলিতভাবে কাজ করবে। জেলার বিভিন্ন সমবায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সমবায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়া এবং নতুন প্রজন্মকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, সমবায় আন্দোলনকে শক্তিশালী করার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের উদ্যোগে গত ১ এপ্রিল ২০২৬ তারিখে তিন বছরের জন্য ১২ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. নেজাম উদ্দিন চৌধুরীকে সভাপতি এবং সাইদুল আলমকে সদস্য সচিব করা হয়েছে।
নবগঠিত জেলা কমিটির প্রথম সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সমবায় কার্যক্রম সম্প্রসারণ, সমবায়ীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং জেলার বিভিন্ন এলাকায় সমবায় আন্দোলনের কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা কমিটির সদস্যরা সমবায় আন্দোলনের উন্নয়ন ও অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বান্দরবান জেলার সমবায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন বান্দরবান জেলা কমিটির ১২ সদস্যের মধ্যে রয়েছেন—সভাপতি মো. নেজাম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সাইদুল আলম, সদস্য মো. আবু তাহের, আব্দুল গফুর, আবুল কাসেম, মো. জসিম উদ্দিন, মো. ইসমাইল, মো. মোজাম্মেল হক, পাইম্রাউ মারমা, ফারুক হোসেন ও কোয়াই মং মারমা।
সভায় জেলার সমবায় খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সমবায়ী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সমবায়ীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।















