মো.তুহিন হোসাইন,বান্দরবান প্রতিনিধি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বান্দরবান জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকালে শহরের একটি মালিকানাধীন হোটেল হল রুমে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।
এ সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাচশৈ প্রু,আব্দুল মাবুদ,লুসাই মং, মুজিবুর রশীদ,বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন,আসন্ন দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি অপশক্তি ওত পেতে রয়েছে। পাশাপাশি একটি গুপ্ত চক্রও পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন সে জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রশাসনের পাশাপাশি সহযোগিতা করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে হারুনুর রশিদ হারুন বলেন,প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসন্ন শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোনো অপশক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন সে বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং পূজামণ্ডপের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছেন।














