বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় উপস্থিত হয়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ সহায়তা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দা ও বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) ভোররাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িতে। ভয়াবহ এ ঘটনায় ৬টি বসতঘর ও ২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের আসবাবপত্র, মালামাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।
সংবাদ পেয়ে সংসদ সদস্য সাচিং প্রু জেরী মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং সান্ত্বনা প্রদান করেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার ও ২টি দোকান মালিককে ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে সংসদ সদস্য বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমি সবসময় বান্দরবানের মানুষের পাশে ছিলাম এবং থাকবো।” তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করতে হবে এবং দ্রুত পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
স্থানীয়রা জানান, হঠাৎ আগুন লাগায় অনেকেই কিছুই রক্ষা করতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।


















